বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নাগর নদের ওপর বেইলি সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ব্রিজের ওপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী। এতে করে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে তালোড়ায় নাগর নদের বেইলি ব্রিজের ওপর দিয়ে সড়কটি নন্দীগ্রাম উপজেলা হয়ে বগুড়া-রাজশাহী সড়কে সংযোগ রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী অন্যান্য এলাকা থেকেও যানবাহন অল্প সময়ে এ ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে বগুড়া-রাজশাহী সড়কে পৌঁছে। নাগর নদের ওপর বেইলি এ ব্রিজটি দীর্ঘদিনের পুরনো। এর বেশ কিছু পাটাতন ঝাঁঝরা হয়ে গেছে। অনেক স্থানে ক্লাম ও অ্যাঙ্গেল নেই। এতে করে ব্রিজের ওপর দিয়ে মালবোঝাই যানবাহন যাতায়াতকালে ব্রিজটি কাঁপে এবং চালক ও পথচারীরা দুর্ঘটনার আতংকে থাকেন।
ব্রিজ সংলগ্ন মহল্লা দক্ষিণ সাবলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক বলেন, ১৯৮২ সালে তালোড়া নাগর নদের ওপর এ বেইলি ব্রিজটি নির্মিত হয়। ব্রিজ স্থাপিত হওয়ায় উত্তরের জয়পুরহাট জেলাসহ আরও অনেক এলাকার যানবাহন দুপচাঁচিয়া হয়ে তালোড়ার ওপর দিয়ে চলাচল করে। প্রতিদিন বহু মালবোঝাই ট্রাক-ট্রলি, ভটভটিসহ অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু এ ব্রিজের অবস্থা ভালো নয়।
বেইলি ব্রিজ দিয়ে মালবোঝাই একটি ট্রাক পারপার করার সময় এর চালক রাশেদুল ইসলাম বলেন, ব্রিজের ওপর দিয়ে ট্রাক চালাতে গেলে ব্রিজটি নড়াচড়া করে। ব্রিজের যে অবস্থা তাতে এর ওপর দিয়ে ট্রাক চালানোর সময় দুর্ঘটনার ভয়ে থাকি।
তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল স্বীকার করেন, ব্রিজটির অবস্থা খুব নাজুক। ইতিমধ্যে এ ব্রিজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, খুব শিগগিরই এ বেইলি ব্রিজটি মেরামত করা হবে।
