‘মেয়াদ শেষে দায়িত্বে থাকতে পারবেন না জনপ্রতিনিধিরা’

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০১:৩২ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, নতুন কোনো আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শিগগিরই শ্রীমঙ্গল  পৌরসভার নির্বাচন সম্ভব। তিনি বলেন, দেখা গেছে, যেসব পৌরসভায় বিরোধী দলের নেতাকর্মীরা মেয়রের দায়িত্বে রয়েছেন, সেসব পৌরসভার মেয়ররা ক্ষমতায় থাকার জন্য জটিলতা সৃষ্টি করছেন। মেয়াদ শেষ হলে আর কোনো জনপ্রতিনিধি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন না। এজন্য আইন সংশোধন করা হবে।

শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) এনডিসি মশিউর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস শহীদ এমপি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাকারিয়া, জেলা পরিষদের  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর  রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা কমিশনার (ভূমি) নেছার উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত