ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী বুদি কারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানবন্দর থেকে ১২ মাইল দূরে সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাকেগামী উড়োজাহাজটিতে ক্রুসহ ৬২ আরোহী ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। তাদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির ট্রান্সপোর্ট সেইফটি কমিটি। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সাগরে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পাওয়া গেছে। ফ্লাইট তদারকি ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম জানিয়েছে, তিন হাজার মিটার উচ্চতায় এক মিনিটেরও কম সময়ের মধ্যে উড়োজাহাজটি হারিয়ে যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর থেকে ওড়ার চার মিনিট পর রাডারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বোয়িং ৭৩৭-৫০০ উড়োজাহাজটি ২৬ বছরের পুরনো। তবে উড়োজাহাজটি কয়েক বছরে দুটি বড় বিধ্বস্তের ঘটনায় জড়িত থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের নয়। এর মধ্যে একটি ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ফ্লাইট সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হয়।
