জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল রবিবার জেলা-উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে সদ্যস্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় নামলে বঙ্গবন্ধুকে একনজর দেখতে ভিড় জমান দেশবাসী। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাজীপুর : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বিকেলে মহানগরীর দক্ষিণ ভোগড়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। দুপুরে গাজীপুর মহাগর আওয়ামী লীগের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
মাগুরা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু-ু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।
নাটোর : বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, জাতির পিতাসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
ভোলা : দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ। পরে আনন্দ মিছিল বের করা হয়।
বাগেরহাট : সকাল সাড়ে ৭টায় শহরের রেলরোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : আনন্দ র্যালি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া কিসমতের সভাপতিত্বে ঐতিহাসিক দিবসটি উদ্যাপনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রমুখ।
বাঁশখালী (চট্টগ্রাম) : বিকেলে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার শামশুল আলম ছিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন দুপুরে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাহাবউদ্দিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. সুজন আলী, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
