রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ আহত ১০

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৫:৫৯ এএম

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে দুই দল রোহিঙ্গা ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর হাকিম (৩০) নামে একজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পটির তোহা বাহিনী ও আরেক ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। ক্যাম্পটির কয়েকজন বাসিন্দা জানান, ভোরে হঠাৎ গোলাগুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা গোলাগুলির সময় শত শত গুলির শব্দ শোনা যায়। এ সময় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক মনির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ক্যাম্পে দুটি ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত