নড়াইলে স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
সোমবার সকাল ১০টার দিকে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিউর রহমান এই রায় দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এনায়েত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, এনায়েত মোল্যা নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর (চানমারী) গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন। যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায় মারধর করতেন এনায়েত।
এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে আম গাছে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ প্রদান করেন।
