রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা নুর আমিনকে (১৭) ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার ফারদিন ইফতেখার দিহানের (১৮) বাসার দারোয়ানকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে দিহানের বাসার দারোয়ানকে কলাবাগান থানা পুলিশ হেফাজতে নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিউমার্কেট জোনের এসি আবুল হাসান বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী ডলফিন গলির এক বান্ধবীর বাসায় গ্রুপ স্টাডি করতে গেলে নির্যাতনের পর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
আনুশকার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ওই দিন রাতে রাজধানীর কলাবাগান থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দিহান শুক্রবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
