কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল গফুর (৩০) নামে এক পানচাষী নিহত হয়েছে।
সোমবার দুপুরে দুপুরে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় শত শত মানুষের সামনে একটি দোকানে চা পানরত অবস্থায় প্রতিপক্ষরা দা ও ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আবদুল গফুর পালিয়ে বাঁচতে চাইলে প্রতিপক্ষরা পিছু ধাওয়া করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
বিকেল তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল গফুর বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের বাবা ফিরোজ মিয়া জানান, একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ কয়েকজন প্রকাশ্যে দা ছুরি নিয়ে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। হামলাকারীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তবে গত শুক্রবার হাটের দিন পান পরিবহনের টাকা নিয়ে ইউছুপ জালালের এক ভগ্নিপতির সঙ্গে গফুরের সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনাকে পুঁজি করে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছেলে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, বড় মহেশখালী ইউনিয়নে আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
