করোনাভাইরাসের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে তা তদন্ত করতে চীনে প্রবেশের অনুমতি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। গতকাল সোমবার পেইচিং কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি দলটি চীন সফর শুরু করবে।
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্ত করতে এই বছরের জানুয়ারির শুরুতেই চীন সফরের পরিকল্পনা করে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল। তবে গত সপ্তাহে ডব্লিউএইচওপ্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসিস বলেন, পেইচিংয়ের অনুমতি না পাওয়ায় বিশেষজ্ঞদের সফর বিলম্বিত হচ্ছে। সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক সরকারি বিবৃতিতে জানায়, আগামী ১৪ জানুয়ারি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলটির সফর শুরু হবে। তবে দলটির ভ্রমণসূচির বিস্তারিত কিছু ওই বিবৃতিতে জানানো হয়নি।
