কিশোরগঞ্জের ভৈরবে রাস্তার পাশে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। মারা গেছে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেন (৫৫)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন বঙ্গবন্ধু সরণির কাছে থেমে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, আগুনে চালক আবুল হোসেনের দেহ পুড়ে যায়। ভেতর থেকে বাসের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে থাকায় আগুন নেভানোর পর তালা ভেঙে তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করেন তারা। মশার কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেন তিনি।
বাসের সুপারভাইজার স্বপন মিয়ার বরাত দিয়ে তিনি আরও জানান, রাতে আবুল হোসেনকে মশার কয়েল জ্বালিয়ে বিছানা করে দিয়ে যান স্বপন। প্রায় রাতে এভাবেই ঘুমাতেন আবুল হোসেন। ভৈরব থানার উপপরিদর্শক মো. মুতিউজ্জামান জানান, আগুনে আবুল হোসেনের সমস্ত দেহ পুড়ে প্রায় ছাই হয়ে গেছে।
