মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জুলফিকার আলীর প্রচারণায় বাধা, হামলা, মারধরের পাশাপাশি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী।
এ সময় জুলফিকার আলী বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রতিপক্ষ আমার কর্মীদের মারধর করছে, মাইক ভাঙচুর করে পোস্টার ছিঁড়ে ফেলছে। কর্মীদের বাড়ি গিয়ে ভাঙচুর করা হচ্ছে, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি আরও বলেন, অতিসত্বর যদি র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি মাঠে না নামানো হয় তাহলে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি দু-এক দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানোর জন্য নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন।
