কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার সংবাদ শুনে শোকার্ত বাবা হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার কুড়িপুল গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত শান্তনা খাতুন(২০) উপজেলার কুড়িপুল গ্রামের অটোচালক গোলাম মোস্তফার মেয়ে এবং মৃত রওশন মন্ডলের ছেলে ইজিবাইক চালক শান্তনার বাবা গোলাম মোস্তফা (৪৫)। মিরপুর থানার পুলিশ পরিদর্শক শুভ্র প্রকাশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শান্তনার চাচাতো ভাই আব্দুল মতিন জানান, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে শান্তনার সঙ্গে তার মায়ের বাগবিতণ্ডা হয়। এতে মায়ের ওপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেন তিনি। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ে শান্তনার মৃত্যু সংবাদ শোনার পর শোকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা। দুই ঘণ্টা পর হার্ট অ্যাটাকে অসুস্থ গোলাম মোস্তফা একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মতিন আরো জানান, শান্তনার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তার চার বছরের শিশুপুত্র নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্মহত্যার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে দেখছি।
গত বছরের ১৯ সেপ্টেম্বর মিরপুর পৌর এলকার নওপাড়া গ্রামে কলহের জেরে ১২ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের বাবা, মা ও মেয়ে তিনজনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
