ব্রাজিলে সিনোভ্যাকের টিকা ৫০.৪ শতাংশ কার্যকর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৬:৪৩ পিএম

নভেল করোনাভাইরাস প্রতিরোধে চীনা ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োটেকের বানানো টিকার ৫০.৪ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।

বিবিসি জানায়, ব্রাজিলের ট্রায়ালে টিকাটির এমন কার্যকারিতা পাওয়া গেছে বলে গবেষকেরা নিশ্চিত করেছেন।

আগের প্রকাশিত তথ্যের তুলনায় এবার টিকাটির কার্যকারিতা কম দেখা গেছে। ট্রায়ালে যুক্ত থাকা ব্রাজিলের বুটানান ইনস্টিটিউটের গবেষকেরা গত সপ্তাহে দাবি করেছিলেন, সিনোভ্যাকের টিকার কার্যকারিতা ৭৮ শতাংশ। তবে নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদনের জন্য কার্যকারিতা ৫০ শতাংশই যথেষ্ট।

করোনার যে দুইটি টিকা নিয়ে ব্রাজিল নিতে যাচ্ছে, সিনোভ্যাকের করোনাভ্যাক টিকা তার একটি। বিশ্বজুড়ে ভাইরাসটিতে মৃতের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। এখন পর্যন্ত দেশটিতে দুই লাখের বেশি মানুষ মারা গেছেন।

ইন্দোনেশিয়া, তুরস্ক, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ চীনের এই টিকা নিতে যাচ্ছে। কয়েকটি দেশে টিকাটির ট্রায়াল চালানো হয়। ট্রায়ালে একেক দেশে এ টিকার কার্যকারিতায়ও ভিন্নতা দেখা গেছে।

গত মাসে তুরস্কের গবেষকেরা জানান, দেশটিতে সিনোভ্যাকের টিকার কার্যকারিতা ৯১.২৫। আবার ইন্দোনেশিয়ায় কার্যকারিতা পাওয়া গেছে ৬৫.৩ শতাংশ, বুধবার দেশটিতে গণটিকাদান শুরু হয়েছে।

তবে ব্রাজিলের ট্রায়ালে এই ফলাফলের কারণে অন্য টিকাগুলো থেকে সিনোভ্যাক অনেকটা পিছিয়ে পড়েছে বলা চলে। অনুমোদন পেতে টিকার কার্যকারিতা ৫০ শতাংশকে আন্তর্জাতিক মানদণ্ড ধরা হলেও অক্সফোর্ডের কার্যকারিতা ৭০ শতাংশ, ফাইজার ও মডার্নার টিকা ৯৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত