যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন দেওয়া হয় ৯০ বছরের এক বৃদ্ধাকে। কানাডায় ৮৯ বছরের এক বৃদ্ধাকে আর জার্মানিতে ১০১ বছরের এক বৃদ্ধাকে প্রথম দেওয়া হয় এ ভ্যাকসিন। বিশ্বের সব দেশেই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রবীণ জনগোষ্ঠীকে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ায় করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইন্দোনেশিয়া ঠিক এর উল্টো পথে হাঁটছে। দেশটিতে সবার আগে তরুণদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে এএফপি।
ইন্দোনেশিয়ায় গতকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের প্রথম ধাপ যা মার্চের শেষ নাগাদ পর্যন্ত চলবে। প্রথম ধাপে ১৩ লাখ স্বাস্থ্যকর্মী ও ১৭ লাখ ৪০ হাজার সরকারি চাকরিজীবী যেমন পুলিশ, সেনাসদস্য, শিক্ষক, আমলা প্রভৃতিদের ভ্যাকসিন দেওয়া হবে। এদের দেওয়া শেষ হলে কর্মজীবী প্রাপ্তবয়স্করা ভ্যাকসিন পাবেন। চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভ্যাক ভ্যাকসিনটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. নাদিয়া উইকেকো বলেন, ‘ইন্দোনেশিয়ায় প্রবীণদের পরিবর্তে কর্মজীবী জনগোষ্ঠী অর্থাৎ ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের আগে ভ্যাকসিন প্রদান করা হবে। এর কারণ আমরা প্রবীণদের ওপর সিনোভ্যাকের ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল এখনো সম্পন্ন করিনি।’
