ঢাকার আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নড়াইলে হামলায় আহত সাবেক ইউপি সদস্য যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে চার দিন পর ভেসে উঠেছে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার এক জেলের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই হয়েছে। পুলিশ উদ্ধার করেছে তার লাশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একটি সড়কের পাশের পরিত্যক্ত মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক মোফাজ্জল হোসেন নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, তার মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে। লোহার রড কিংবা ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে।
নড়াইল : পূর্ববিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার চ-িবরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের (ভুমুরদিয়া গ্রাম) সাবেক সদস্য ছিলেন।
চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল (পটুয়াখালী) : তেঁতুলিয়া নদীতে দোতালা লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মনির হোসেন মৃধার (৩৩) লাশ গতকাল বৃহস্পতিবার সকালে ধূলিয়া লঞ্চঘাট এলাকায় লাশ ভেসে ওঠে। মনিরের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে।
গত শনিবার রাতে মাছ শিকারে গেলে সদরঘাট থেকে পটুয়াখালীর পায়রা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা অ্যাডভাঞ্চার-১১ নামের একটি দোতালা লঞ্চ রাত পৌনে ১টার দিকে মনিরদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় পাশের জেলেরা ছুটে এসে দু’জনকে উদ্ধার করতে সক্ষম হলেও মনির নিখোঁজ ছিলেন।
