নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সোনারগাঁয়ের বাসিন্দা। এ নিয়ে পুরো জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৩ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, সদরে ৪ জন, বন্দরে ২ জন ও রূপগঞ্জে ২ জন। এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৬৯ জনে।
এছাড়া মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৬২ জন। জেলায় এই পর্যন্ত মোট ৬৭ হাজার ২৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৮ জনের।
রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৭ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৬৫ জন।
বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩০ জন ও মারা গেছেন ৬ জন, আড়াইহাজারে আক্রান্ত ৬৮৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩২ ও মারা গেছেন ২৬ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ৫৪৯ জন ও মারা গেছেন ১২ জন ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ দেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জ থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।
