আবাসন ও শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তন আর অভিবাসনের মতো ডজনখানেক বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য নির্বাহী আদেশ দিতে অভিষেকের দিনই ব্যস্ত সময় কাটবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার হবু চিফ অব স্টাফ রন ক্লেইন গত শনিবার এক মেমোতে সেসব নির্বাহী আদেশের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
আগামী বুধবার বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝঞ্ঝামুখর চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে। ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারী শুরুর আগে থেকেই দিয়ে আসছিলেন বাইডেন। রন ক্লেইন জানিয়েছেন, দায়িত্বের প্রথম দিন বাইডেন যেসব নির্বাহী আদেশ দেবেন, তার একটিতে যুক্তরাষ্ট্রের আবার প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দেওয়ার ঘোষণা থাকবে।
