রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে ভারতকে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ অস্ত্র ক্রয়ে অসন্তুষ্ট হয়ে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবার ভারতকে সতর্ক করা হয়। গত আগস্ট মাসেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
রুশ সমরাস্ত্র ক্রয় তালিকার শীর্ষে রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন এসইউ-৩৫ জঙ্গিবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিক্রিয়ায় পেইচিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। একে ‘তাৎপর্যপূর্ণ লেনদেন’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন বলেছে, রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে ভারতের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এর আগে আগস্টের শেষ সপ্তাহে রাশিয়া থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কিনলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সংস্থাটির শীর্ষ কর্মকর্তা র্যানডাল স্ক্রিভার সে সময় বলেছিলেন, ভারত যদি রাশিয়া থেকে অস্ত্র কেনে তবে নিষেধাজ্ঞা থেকে দেশটির সহজে অব্যাহতি মিলবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
