চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ৬ ট্রেন চালুর দাবি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:০০ এএম

করোনাভাইরাসের কারণে প্রায় দশ মাস আগে চাঁপাইনবাবগঞ্জে বন্ধ ছয়টি ট্রেন পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে জেলাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলার ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, শাহনাজ খাতুন, নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক উন্নয়ন কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, করোনার বিস্তাররোধে গত বছরের মার্চ মাসে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরে আপ-ডাউন মিলিয়ে ছয়টি ট্রেন চালু হলেও লোকাল আরও ছয়টি ট্রেন এখনো বন্ধ আছে। এই ছয়টি ট্রেন বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেন চালুর দাবি জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। অবিলম্বে ট্রেন চালু না হলে রাজপথের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত