ভার্চুয়াল নয়, শারীরিক উপস্থিতিতেই এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, এর জন্য সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রবিবার বাংলা একাডেমিতে বইমেলাসংশ্লিষ্টদের এক বৈঠকের পর সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে প্রতিবছরের মতো এবার পয়লা ফেব্রুয়ারি বইমেলা শুরু করা যাচ্ছে না। ভার্চুয়াল বইমেলার প্রস্তাব এসেছে। কিন্তু ভার্চুয়াল নয়, শারীরিক উপস্থিতিতেই বইমেলা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ অথবা ১৭ মার্চ প্রস্তাব করা হবে। তবে বইমেলার তারিখ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিনটি তারিখের মধ্যে একটি তারিখ চূড়ান্ত হতে পারে। অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন তারিখও নির্ধারণ করতে পারেন। করোনা পরিস্থিতির সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন মেলার চূড়ান্ত তারিখ।’
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা বইমেলা অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় আছি। সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছি।’
