পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সম্ভাব্য এক নারী ইউপি সদস্য প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী। এই ঘটনায় তার করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আসন্ন ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেন সম্প্রতি। শনিবার রাত ৯টার দিকে পাশের রাস্তায় কাঠ কাটতে থাকা স্বামীর জন্য ঘরে পান নিতে আসেন তিনি। তখন একা পেয়ে গ্রেপ্তার হওয়া তিন যুবক সজীব (২৬), রাজ্জাক (৪০) ও জলিলুর রহমান (৩০) মুখ বেঁধে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।’
