রাশিয়ার বিরোধীদলীয় নেতা

দেশে ফিরেই গ্রেপ্তার নাভালনি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১০:৩২ পিএম

নিজ দেশে ফিরেই গ্রেপ্তার হলেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। গত রবিবার মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামার পরপরই পুলিশ তাকে আটক করে। এদিকে তার তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ।

গত বছর বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়ার পাঁচ মাস পর নাভালনি এই প্রথম রাশিয়ায় ফিরলেন। জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রওনা হয়েছিলেন তিনি।

সিএনএন জানায়, নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। তবে তাদের বিমান নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে; সেখানে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল শত শত সমর্থক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিনবিরোধী এ নেতা আটক হওয়ার ঠিক আগমুহূর্তে মস্কো বিমানবন্দরে উপস্থিত তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমি জানি, আমি সঠিক পথে আছি। আমি কিছুতেই ভয় করি না।

এদিকে নাভালনিকে আটক করার খবরে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইইউ। তবে রাশিয়া সঙ্গে সঙ্গেই এ দাবি প্রত্যাখ্যান করেছে। নাভালনিকে আটকে রাখার জন্য রাশিয়ার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সম্পর্কে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিছু বলেনি। তবে ইইউর কিছু দেশ খুব দ্রুতই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পদক্ষেপ চাইছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত