ঢাকার ধামরাইয়ে বিদেশি পিস্তলসহ বাবু (৩৭) নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধি।
বুধবার সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবু সুয়াপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে। তিনি বিভিন্ন সময় মাটিকাটার কাজসহ ট্রাক চালাতেন।
সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোরহাব জানান, সকাল ৬টার দিকে বাবু তার স্ত্রীকে সেই পিস্তল দিয়ে মারধর করছিলেন। এ সময় স্ত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানকে ফোন দেয়।
পরে চেয়ারম্যান তাকে পিস্তলসহ ধামরাই থানা-পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি বলেন, বাবু এলাকায় অনেক সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন বলেন, তাকে পিস্তলসহ আটক করে আনা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
