মাগুরার শ্রীপুর উপজেলায় করোনাকালে বিশেষ অবদান রাখা ৭১ স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রফিকুল হক মিয়া। এ সময় বক্তব্য দেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক আবু বাসার আখন্দ, রূপক আইচ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, করোনাকালে লকডাউন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষক, সাংবাদিক, ছাত্র, কৃষকসহ বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় অবদান রেখেছেন। এসব স্বেচ্ছাসেবকের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হলো।
