বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩২

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:০৮ পিএম

ইরাকের রাজধানী বাগদাদের একটি বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত ও অন্তত ১০৩ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাগদাদের কেন্দ্রস্থল তায়ারান চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।

সামরিক বাহিনীর বাগদাদ অপারেশনস কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজাওয়াই বলেন, ‘বাব আল-শারজির জনাকীর্ণ বাজারে দুজন বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।’

হাসপাতাল সূত্র এএফপিকে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভয়াবহ পরিস্থিতি সামলাতে চিকিৎসকদের বাগদাদে জড়ো করা হয়েছে।

সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। কড়া তল্লাশি চালানো হচ্ছে।

২০১৭ সালের পর এটিই বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা; চার বছর আগে একই চত্বরে হামলায় ৩৫ জন মারা যান। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত গতকালের এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম সালমান বলেন, ‘এ হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস) থাকতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত