চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় সরল এলাকায় লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লবণের ন্যায্যমূল্যের দাবি এবং চাষিদের আর্থিক প্রণোদনা ও সহযোগিতা করার দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সরলের হাজী নবাব আলী চৌধুরী লবণ মাঠ এলাকায় এ মানববন্ধন হয়।
বাঁশখালীর উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে কয়েকশ লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উপকূলীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সালাউদ্দিন চৌধুরী মানিক, নুরুল কাদের, ইসমাঈল মেম্বার, মো. মোস্তাফিজ, মো. ইদ্রিস, মনির আহমদ, মো. নাছির, নবী হোছন, কবির আহমদ, মনির উদ্দিন, মো. রাশেদ, বজল আহমদ, আবদুস ছবুর, আবু তালেক, মো. জসিম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি মণ লবণ উৎপাদনে ২০০ টাকার বেশি খরচ হলেও চাষিরা ১২০-১৫০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যার কারণে বর্তমানে চাষিরা নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ভালো দাম না পাওয়ায় লবণচাষিরা এখন খুবই হতাশ। এছাড়া চাহিদা কম থাকায় বেশকিছু লবণ ব্যবসায়ী লবণ মজুদ করে রাখেন।
