ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তর গুঁড়িয়ে দিয়েছে ১০টি অবৈধ ইটভাটা। মেহেরপুরের গাংনীতে আটটি ইটভাটাকে করা হয়েছে ৪৭ লাখ টাকা জরিমানা। পটুয়াখালীর দুমকিতে অবৈধ একটি ইটভাটা আংশিক ধ্বংস ও জরিমানা করে বাকি স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঝিনাইদহ : পরিবেশ অধিদপ্তরের অভিযানের দ্বিতীয় দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি অবৈধ ইটভাটা। এ নিয়ে গত দুদিনে ঝিনাইদহ জেলার সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও চারটি ইটভাটাকে জরিমানা করা হয় ২৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই এলাকায় অভিযান চালানো হয়।
মেহেরপুর : পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ দল অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনীর আটটি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করে টাকা আদায় করেছে। কাঠ ও অবৈধভাবে মাটি নষ্ট করার অভিযোগে অনেক ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের সঙ্গে এ সময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমান ও র্যাব-৬-এর ডিএডি শফিকুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ইসাহাক আলীসহ পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।
দুমকি (পটুয়াখালী) : উচ্চ আদালতের নির্দেশে অবশেষে পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটা ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ আংশিক ধ্বংস করে বাকি স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান চালানো হয়।
