পাবনায় ট্রাকচাপায় অটোরিকশার ২ আরোহী নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০২:২৪ পিএম

পাবনার সুজানগরে ট্রাকচাপায়  সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল ৯টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের দুবলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, ট্রাকটি পাবনা থেকে সুজানগরের দিকে যাচ্ছিল। সুজানগর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি পাবনায় যাওয়ার পথে আতাইকুলার দুবলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে ঘন কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ঝন্টু কুন্ডু নামের একজন নিহত হয়। আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফা সুলতানাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন- সুজানগর পৌর সদরের বাসিন্দা আবদুল বারেকের স্ত্রী আরিফা সুলতানা (৪৫) ও একই এলাকার মনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু (৬০)।

আহতরা হলেন- আবদুল কাদের (৫৫), তার স্ত্রী রওশন আরা রেনু (৪৫) ও নিহত আরিফা সুলতানার স্বামী আবদুল বারেক (৫৫)। তাদের সবার বাড়ি সুজানগরে।

আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত