কেরানীগঞ্জে বিক্ষোভ, মানববন্ধন

বাঘৈর মৌজায় বাস টার্মিনাল না করার দাবি

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১১:৫৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর মৌজায় আন্তঃজেলা বাস টার্মিনাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বাঘৈর মৌজা ও আশপাশ এলাকার কয়েক হাজার লোক জড়ো হয়। এতে এলাকাবাসী দাবি তোলে, বাঘৈর মোজা ছাড়া কেরানীগঞ্জের অন্য কোথাও যাতে আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া হাজি মেজবাউদ্দিন বাবুল বলেন, ইতিমধ্যে সরকার বাঘৈর মৌজা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক জায়গা অধিগ্রহণ করে নিয়েছে। এখন সামান্য যা কিছু আছে সেগুলো আমাদের বাপ-দাদার ভিটেমাটি। সরকারের কাছে দাবি, এ ঘড়বাড়িগুলো না ভেঙে কেরানীগঞ্জে যেসব খালি জায়গা আছে সেখানে আন্তঃজেলা বাসস্ট্যান্ড করা হোক।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, এখানে আন্তঃজেলা বাসস্ট্যান্ড হলে পরিবেশ বিনষ্ট হবে। যানবাহনের শব্দে আশপাশের গ্রামবাসীর নানাবিধ সমস্যা হবে। তাছাড়া অন্যদিকে সেন্ট্রাল জেল থাকায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকার আশপাশে চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র। চারটি টার্মিনালের মধ্যে একটি কেরানীগঞ্জের বাঘৈর মৌজায় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত