চাঁদপুরে ৭০০ কেজি জাটকাসহ চারজন আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৯:৪৩ এএম

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকাসহ ৪জনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার মধ্যরাতে চাঁদপুর মেঘনা নদী মোহনায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- ভোলা সদর উপজেলার ধনিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. কামাল হোসেন (২০), একই জেলার লালমোহন উপজেলার ফাতেমাবাদ এলাকার মো. কামাল মাঝির ছেলে মো. সবুজ (২৩), শশীবিষন উপজেলার চড়নাংলাপাতা এলাকার শামছুল হকের ছেলে মো. হাসান বেপারী, (১৯) এবং একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মোশারফ হোসেন (৪০)।

চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহিলুর হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মেঘনা নদী মোহনায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চ এমভি তাসরিফ-৪ থেকে ২শ’ কেজি, এমভি কর্ণফুলী-১২ থেকে ২শ’ কেজি এবং এমভি আলাদীন-৯ থেকে ৩শ’ কেজি জাটকা জব্দ করা হয়।

শনিবার সকালে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত