নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতাসহ ভারতের চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘুরিয়ে ফিরিয়ে দেশটির চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোর দাবিও তিনি করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার।
নেতাজির জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার কলকাতার শ্যামবাজার থেকে রেড রোডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব দাবি জানান। মমতা বলেন, কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা।
পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণা করা হোক।
তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা ও বিহারে। মহাত্মা গান্ধী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন। নবজাগরণ, বিধবা ও বাল্যবিয়ের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল। বাংলা কোনো অবহেলা সইবে না।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মমতা বলেন, নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়। নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না। চার প্রান্তে চারটি রাজধানী থাকবে। দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়। দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক। ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার।
