অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরী কেএম ব্রিকস এন্ড কেএস ব্রিকস নামে একটি ইটভাটা ভেঙে দিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ওই ইটভাটার ম্যানেজার মো. রাজুকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ সময় রংপুর পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার বলেন, ইটভাটা পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র দেখাতে পারেনি। এছাড়াও কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে এই ইট ভাটায়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভাটার মালিক মোশারুল হক উপস্থিত ছিলেন না।
স্থানীয়দের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ওই ইট ভাটার কারণে কৃষি জমিতে বিভিন্ন ফল ফসল উৎপাদন হ্রাস পায়। স্থানীয় কৃষকেরা ওই ইট ভাটা অপসারণের দাবিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
