কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৮:১৫ এএম

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ করে দেয়া হয়েছে ফেরি চলাচল। রবিবার রাত সোয়া নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এর আগে ঘাট এলাকায় মাইকিং করে ফেরি চলাচল বন্ধ রাখার কথা সকলকে জানানো হয়।

ঘাট সূত্র জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত নয়টার দিকে প্রচুর কুয়াশা পড়ায় নদী পথে অন্ধকার নেমে আসে।

দিকনির্দেশনামূলক বাতি কুয়াশার প্রকোপে দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সোয়া নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে। এছাড়াও উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় পথঘাট দেখা যাচ্ছে না। নৌপথে কুয়াশার পরিমাণ আরও বেশি। দুর্ঘটনা এড়াতে সোয়া নয়টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত