এজলাসে মাথা ঘুরে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০২:২৯ এএম

জয়পুরহাটে আদালতে হাজিরা দিতে এসে এজলাসের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়ে আবদুর রশিদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতের বিচারক জাকির হোসেনের এজলাসে মাথা ঘুরে পড়ে যান তিনি। ঘটনার পরপরই পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। আবদুর রশিদ শহরের বিশ্বাসপাড়া এলাকার ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

মৃতের ভাই পলাশ হোসেন জানান, রশিদ পেশায় একজন রিকশাচালক। একটি মাদক মামলায় প্রায় দুই মাস আগে জামিন পায় সে। গত কয়েক দিন আগে থেকে তার বুকে ব্যথা হচ্ছিল। গতকাল কোর্টে হাজিরা দিতে এসে এজলাসে উঠে হঠাৎ করে সেখানেই পড়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি জানান, একটি চোলাই মদের মামলায় হাজিরা দিতে এসে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত