রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গ্রিল কাটা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। সোমবার থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গ্রেপ্তাররা হলেন মো. হাসান ওরফে জিসান (২৮), মো. কামাল হোসেন (৩৫), মো. আবুল কালাম (৩২), মো. ফরহাদ (৩০), মো. নাহিদ শেখ (২৪) ও মো. মানিক মিয়া (৩৫)।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বাসা বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনায় মোহাম্মপুর থানা, চকবাজার থানা ও ধানমন্ডি থানায় মামলা হয়। গোয়েন্দা পুলিশ এসব মামলার ছায়া তদন্তকালে অভিযুক্তদের শনাক্ত করে।
তিনি আরো বলেন, ২৫ জানুয়ারি মোহাম্মদপুর এলাকায় অভিযান করে জিসান, কামাল, মো. আবুল কালাম, ফরহাদ ও নাহিদ শেখদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, নগদ টাকা ও ডলার উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার একই এলাকা থেকে এ চক্রের আরেক সদস্য মানিক মিয়াকে টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা তাদের সহযোগী সদস্যসহ দিনের বেলা রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি রেকি করে। পরবর্তীতে সুকৌশলে বিভিন্ন বাসা-বাড়ির জানালা এবং দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা মূল্যবান জিনিসপত্রসহ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে।
