বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয়: কাদের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৪:১০ পিএম

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল করলে শৃঙ্খলা মানতে হবে, বিশৃঙ্খলতা ও খারাপ আচরণ সকল উন্নয়ন ম্লান করে দেয়। তাই দলে শৃঙ্খলা ফেরাতে হবে। অন্যায় অপকর্ম ও বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় লক্ষ্মীপুরের ৩টি প্রকল্পে ৫১৮ কোটি ৭৪ লাখ টাকার সড়ক ও সেতু নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নোয়াখালীর কিছু বিশৃঙ্খল ঘটনায় আমরা লজ্জিত। আচরণগত দিক পাল্টে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসুন স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে সাম্প্রদায়িকতামুক্ত একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে তিনি (শেখ হাসিনা) উন্নয়নের মহাসড়কে যে অভিযাত্রা শুরু করেছেন তার হাতকে শক্তিশালী করি। আমার বিশ্বাস তার সাহসী ও বলিষ্ঠ মানবিক নেতৃত্বে গড়ে উঠবে সমৃদ্ধ আত্মপ্রত্যয়ী এক বাংলাদেশ।

এ সময় লক্ষ্মীপুর সড়ক বিভাগ কার্যালয়ে এসব উন্নয়ন প্রকল্পগুলোর নাম ফলক উন্মোচন করেন অতিথিরা।

ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সড়ক ও পরিবহন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর। উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী, স্থানীয় এমপি শাহাজান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ প্রমুখ।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হল- লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়কে ৪৯ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৪টি সেতু (মান্দারী সেতু, দিঘলী সেতু, তেরবেকী সেতু, মন্ডলতলী সেতু), ১০০ কোটি টাকা ব্যয়ে বরিশাল- ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক লক্ষ্মীপুরের অংশে সাড়ে ১০ কিলোমিটার প্রশস্ত করণ, ৩৬৯ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক ও লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার- সোনাপুর- মাইজদী (৩.৬৫ কিলোমিটার) সড়ক প্রশস্তকরণ নির্মাণ প্রকল্প।

এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে জানান বক্তারা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত