ঠিকাদার অপহরণের ঘটনায় কারাবন্দি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি জানে আলম দুলালকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান জানে আলমের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩১ (১), অনুযায়ী তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার গ্রাম পুলিশদের পোশাক সরবরাহের দরপত্র জমা দিতে এলে চেয়ারম্যান জানে আলমের লোকজনের হাতে অপহৃত হন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইনপিঞ্জারপুর এলাকার বাসিন্দা ঠিকাদার খলিলুর রহমান। এ ঘটনায় ঠিকাদার খলিলুর ফেনী মডেল থানায় মামলা করার পর ৩১ ডিসেম্বর ভোরে শর্শদি ইউনিয়নের দক্ষিণ জাহানপুর এলাকার নিজ বাড়ি থেকে জানে আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
৫ জানুয়ারি জানে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দেয় আদালত। বর্তমানে এ ইউপি চেয়ারম্যান কারাগারে রয়েছেন।
