সিঙ্গাপুরের দুটি মসজিদে ঢুকে মুসলিমদের হত্যার ছক কষার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। এ কিশোর তার ছুরি দিয়ে আঘাত করা এবং পুরো হামলা সরাসরি দেখানোর পরিকল্পনা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার বর্ষপূর্তিতে এ হামলার পরিকল্পনা ছিল ওই কিশোরের। এ কিশোর সিঙ্গাপুরে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটক সর্বকনিষ্ঠ ব্যক্তি। এ আইনে বিচার ছাড়াই কাউকে আটকে রাখার অনুমতি আছে।
আটক ১৬ বছর বয়সী কিশোরের নাম প্রকাশ করা হয়নি। ভারতীয় জাতিসত্তার প্রটেস্টান্ট খ্রিস্টান এ কিশোর ‘ইসলামের প্রতি ভয়াবহ বিদ্বেষ এবং সহিংসতা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল’ বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিঙ্গাপুরে এটাই প্রথম কট্টর-ডান উগ্রবাদী মতবাদে অনুপ্রাণিত কাউকে আটকের ঘটনা।
