পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন প্রধানের পক্ষে নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করায় দলের ১৮ গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিসে দলের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারার পরিপন্থী কাজ করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে জবাব চাওয়া হয়।
নোটিসপ্রাপ্তদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, আবদুল হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আবু ইসাহাক শামীম, বেলায়েত আলী বিল্লু প্রমুখ।
নোটিসপ্রাপ্তির কথা স্বীকার করে পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু বলেন, নোটিসের জবাব দলের হাইকমান্ডকে প্রমাণসহ জানাব।
