করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে করোনা পরিস্থিতি যদি আর খারাপ না হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে গত বুধবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সংক্ষিপ্ত সিলেবাস তৈরির এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
গত ২২ জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়। এরপর গত বৃহস্পতিবার সে প্রস্তুতি মনিটরিং বা পরিবীক্ষণ করার নির্দেশনা দেওয়া হয় মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের।
গত বছরের ৮ মার্চ করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।
