মাদারীপুরে ৩৭টি কচ্ছপসহ ৮৮টি টপি উদ্ধার করেছে খুলনা বন বিভাগ ও রাজৈর উপজেলা বন বিভাগের একটি দল। এ সময় ভবোতোষ সরকার (৪০) নামে একজনকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কদমবাড়ী এলাকার ভবোতোষের নিজ বাড়ি থেকে এ কচ্ছপ ও টপি উদ্ধার করা হয়।
রাজৈর উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বন বিভাগের একটি দল রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকার ভবোতোষ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ কেজি ওজনের ৩৭টি কচ্ছপ ও ৮৮টি টপি উদ্ধার করে। এ সময় উপজেলা বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতা ভবোতোষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয় এবং কচ্ছপগুলোকে উপজেলার দুটি পুকুরে অবমুক্ত করা হয়। কয়েকটি কচ্ছপ প্রায় ৩ কেজির বেশি ওজনের ছিল বলে জানায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, বন বিভাগের মাধ্যমে কচ্ছপসহ একজনকে আটক করে নিয়ে আসে। এরপর আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে এবং কচ্ছগুলোকে উপজেলা দুটি পুকুরে অবমুক্ত করা হয়েছে।
