ক্ষমতাসীন সরকার কারসাজি, জালিয়াতি ও ধোঁকাবাজির সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শনিবার সকালে রাজধানীর রায়সাহেববাজার মোড়ে ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আগে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘এই সরকার শীতার্ত মানুষের জন্য কিছুই করেনি। তারা ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। প্রধানমন্ত্রীর মানুষের প্রতি দরদ থাকলে বের হয়ে দেখতেন মানুষ কত কষ্টে আছেন। মানুষ কীভাবে হাসপাতালে বেড পায় না, অক্সিজেন পায় না, ধুঁকতে ধুঁকতে মানুষ মারা যাচ্ছে।’
তিনি বলেন, ‘মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কোথায় আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। তারা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।’
রিজভী বলেন, ‘এই সরকার নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে। আপনি ভোট দিতে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে। একটি ইভিএম মেশিন তৈরি করেছে ভোট চুরি করার জন্য।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
