সিদ্ধিরগঞ্জে গুরুত্বপূর্ণ সড়কের নিচে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন করায় চিনি বোঝাই ট্রাকের চাকা দেবে যানজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার দুপুরে আদমজী সড়কের ভাঙ্গারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকটি গোদনাইল মেঘনা এলাকা থেকে চিনি নিয়ে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে যাচ্ছিল। পরে রেকারের সাহায্যে ট্রাকটিকে টেনে তোলার আগ পর্যন্ত দীর্ঘসময় ওই সড়কে যান চলাচল বন্ধ থকে। এতে সৃষ্টি হয় যানজটের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় চারজন কাউন্সিলরের নাম ভাঙিয়ে শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলনের জন্য সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে। যে কারণে ভারী যানের ওজনে রাস্তা দেবে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা বলেন, ওইখানে আগের একটি পুরনো ড্রেজারের লাইন ছিল। নতুন করে কারা সেখানে পাইপ স্থাপন করেছে তা আমার জানা নেই। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মো. সোহাগ বলেন, এর আগে ওইখানে ড্রেজার পাইপ স্থাপনের বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
