অভিনেতা রুদ্রনীলসহ তৃণমূলের ৬ জন বিজেপিতে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১১:২০ এএম

নানা জল্পনা কল্পনা শেষে তৃণমূলের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের ৫ জন যোগ দিয়েছেন বিজেপিতে। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেতা রুদ্রনীল ঘোষও।

আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে বৈঠকের পরে উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানানো তাদের।

কেন্দ্রে ক্ষমতাসীন দলে যোগ দেওয়া বাকিরা হচ্ছেন, দুই বিধায়ক প্রবীর ঘোষাল ও বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও রানাঘাট পৌরসভার প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়।

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর রাজীব জানালেন, রবিবার তৃণমূল থেকে আরও অনেকে যোগ দেবেন বিজেপিতে।

তিনি বলেন, ‘অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এ বার বিজেপির হয়ে পাখির চোখ বাংলা।’

রাজীব আরও বলেন, ‘কেন্দ্র-রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলার উন্নয়নের স্বার্থে শাহের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলার জন্য মিলবে বিশেষ প্যাকেজ। আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’

অমিতের কলকাতা সফরেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল এসব তৃণমূল নেতার। কিন্তু সেই সফর বাতিল হয়ে যাওয়ায় চার্টার্ড বিমানে করে তাদের দিল্লি নিয়ে যায় বিজেপি। তাদের সঙ্গে ছিলেন দুই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। তবে রুদ্রনীলকে নিয়ে যাওয়া হয় আলাদা ফ্লাইটে।

দিল্লি বিমানবন্দর থেকে সোজা কৃষ্ণমেনন মার্গে অমিতের বাড়িতে চলে যান রাজীবরা। অমিতের সঙ্গে একটি গ্রুপ ছবিও তোলেন তারা। সেই ছবি টুইটারে পোস্ট করেন অমিত শাহ। তবে ছবিতে ছিলেন না রুদ্রনীল। পরে জানা যায় দেরিতে পৌঁছান অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত