ঝালকাঠিতে সুগন্ধা নদীর চর থেকে রাশেদুল হক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ২৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।
রবিবার রাত সাড়ে দশটার দিকে জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ এলাকার সুগন্ধা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাশেদুলের বাড়ি নরসিংদী জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জোয়ারের সময় বরিশালের দিক থেকে ভাসতে ভাসতে এসে বারইকরণ এলাকায় সুগন্ধা নদীর চরে লাশটি আটকে পড়ে।
বিকেলে নদীতে ভাটা থাকায় আধা ডুবো লাশটি চরে ভেসে উঠে। তিনটার দিকে সুগন্ধা নদীর চরে অচেনা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে রাত সাড়ে দশটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার সাব-ইন্সপেক্টর মফিজুর রহমান জানান, নদীতে লাশ ভাসছে এমন খবর পেয়ে রবিবার সকালে আমরা মাটিভাঙ্গা এলাকায় খোঁজাখুঁজি করেও লাশটি পাইনি। পরে রাতে বারইকরণ এসে চরে আটকে থাকা অবস্থায় লাশটি পেয়েছি।
মৃতের সঙ্গে থাকা মোবাইল ফোনের সিম চালু করে পরিচয় পাওয়া গেছে।
নিহতের নাম রাশেদুল হক। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। রাশেদ প্রাণ-আরএফএল কোম্পানির বরিশাল ডিপোতে (কালিজিরা) স্টোর কিপার পদে চাকরি করতেন।
গত ২৪ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
