দাঁড়ানো ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৭ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাথরবোঝাই দাঁড়ানো ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে সুপারভাইজার নিহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেছে। আহতরা সকলে বাসের যাত্রী।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার সনয় (৩২) জেলার মদন উপজেলার চন্দ্রতলা গ্রামের মিছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথরবোঝাই ট্রাক আটগ্রাম এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামে থেকে মদনের উদ্দেশ্যে ছেড়ে আসা হিরন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ট্রাকের সঙ্গে চলন্ত বাসের সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার সনয় নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় ১০জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ ও স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেছে।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ এ ঘটনায় একজন নিহতের সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে ও এর চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত