বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৯

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯ পিএম

বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

তবে পুলিশ বলছে, সোমবার দুপুর পর্যন্ত ৫ জনের পর হাসপাতালে সন্ধ্যা নাগাদ চিকিৎসাধীন আরও দু’জন মারা গেছেন। এ নিয়ে পুলিশের হিসাবে মৃতের সংখ্যা ৭ জন।

সোমবার রাতে যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার আলী (৫২), ফুলবাড়ি মধ্যপাড়ার আব্দুল জলিলের ছেলে পলাশ (৩৫) ও  নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর হোসেন (৪০)। এদের মধ্যে প্রেমনাথ ও পলাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে ভোর রাতে প্রেমনাথের ছেলে সুমন রবিদাস (৩৫) বিষাক্ত মদ পানে একই হাসপাতালে মারা যান। তার চাচা রামনাথ রবিদাস ও পলাশের ভাই পায়েল বিষাক্ত মদপানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে আলমগীর ও জুলফিকার নামে দুজন রবিবার রাতে নিজ নিজ বাড়িতে মারা গেছেন।

তবে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, হাসপাতালে প্রেমনাথ ও পলাশ মারা গেছেন। আলমগীর নামে একজন মারা যাওয়ার খবর পেয়ে তার বাড়িতে পুলিশ গিয়ে জানতে পেরেছে তিন দিন আগে থেকে অসুস্থ থাকা আলমগীর সোমবার মারা গেছেন। রিকশা চালক জুলফিকারের মৃত্যুর বিষয়টি তার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত