বাগেরহাটের রামপালে ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বগুড়া নদীর চর থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তাররা হলেন একই উপজেলার গোবিনাথপুর গ্রামের আবদুর রহমান শেখ (৫২) ও তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।
শাফিন মাহমুদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া নদীর চর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে ৪২ কেজি হরিণের মাংসসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত সোমবার সুন্দরবনে ফাঁদ পেতে অন্তত তিনটি চিত্রল হরিণ শিকার করে। পরে হরিণগুলো জবাই করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসে তারা। কিন্তু হরিণের চামড়া কী করেছে তা স্বীকার করেনি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
তিনি আরও জানান, চক্রটিতে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ৭২ ঘণ্টায় বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলা থেকে একটি হরিণের মাথা, ৬৭ কেজি মাংসসহ চারজনকে গ্রেপ্তার করে কোস্টগার্ড ও বন বিভাগ।
