ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে মোবাইল চোরদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাসের চালক মো. শাহাদাৎ, সুপার ভাইজার আব্দুল হান্নান ও লাইনম্যান মো. রুবেল আহত হয়েছে। এছাড়া, বাসের বেশ কয়েকটি গ্লাস ভেঙে ফেলাতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সুপার ভাইজার আব্দুল হান্নান ও লাইনম্যান মো. রুবেল বলেন, সকালে আমরা একজন মোবাইল চোরকে আটক করি। ওই মোবাইল চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাকে ধাওয়া করি। এমতাবস্থায় দিপু, ফরিদ ও আলমগীর এসে মোবাইল চোরকে উদ্ধার করে নিয়ে যায় এবং আমাদের ওপর হামলা চালিয়ে বাসে ভাঙচুর করে।
তারা বলেন, হামলায় আমাদের দুজনের মাথা ফেটে যায় এবং আমাদের ড্রাইভার আহত হয়। এ ছাড়া গাড়ির বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
তারা আরও বলেন, দিপু, ফরিদ ও আলমগীর ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের রাজনৈতিক কর্মী।
এ বিষয়ে ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঙ্গে কথা হলে তিনি জানান, ওখানে আমার কোন লোক ছিল না।
বিআরটিসি বাসের গাবতলী ডিপোর লাইনম্যান মো. ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তী সিদ্ধান্ত তারাই নেবেন।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি যে, মোবাইল চুরির বিষয় নিয়ে একটি ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।
