হাঁটাহাঁটি দারুণ উপকারী ব্যায়াম। তবে সেই হাঁটা যখন হয় খালি পায়ে তখন তার উপকারিতা আরও বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, খালি পায়ে হাঁটলে রক্তচাপ কমে। পায়ের নিচের স্নায়ুগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। রক্ত ঘন হয়ে যাওয়ার আশঙ্কাও কমে যায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।
রাসুল (সা.) অনেক আগেই এই উপকারী ব্যায়ামের নির্দেশ দিয়ে গেছেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুলুল্লাহ (সা.) মাঝেমধ্যে খালি পায়ে হাঁটার নির্দেশ করেছেন।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৪১৬০; মুসনাদ আহমাদ, হাদিস : ২৩৯৬৯)
তবে এক পায়ে জুতা পরিধান করে অন্য পা খালি রেখে হাঁটতে নিষেধ করা হয়েছে হাদিসে। রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয়তো উভয় পায়ে জুতা পরে হাঁটবে নয়তো উভয় পায়ের জুতা খুলে হাঁটবে।’ (বুখারি, হাদিস : ৫৮৫৫; মুসলিম, হাদিস : ২০৯৭)
